শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, প্রয়োজনীয় নথিপত্র, পাঠদান ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করে তাদের পড়াশোনা, শেখার পরিবেশ, শিক্ষার মান এবং বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং সুশিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রত্যেক শিক্ষার্থীর বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ট্রেনিং) আব্দুল আলীম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার তদন্ত পরিদর্শক আল আমিন মীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জুলহাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, গভর্নিং বডির সভাপতি ইমাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিনব্যাপী সফরে প্রতিমন্ত্রী মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জৈন্তাপুর উপজেলার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
