সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মোহাম্মদ উসমান গনি। পেশাদারিত্ব এবং দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে তিনি জৈন্তাপুর মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। জৈন্তাপুরে থাকাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে তিনি আপসহীন ভূমিকা পালন করেন। বিশেষ করে অবৈধ চোরাচালান রোধ, মাদক নির্মূল, মানবপাচার প্রতিরোধ এবং জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে তাঁর পরিচালিত সাঁড়াশি অভিযানগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাঁর সততা, নিষ্ঠা এবং জনবান্ধব আচরণের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হন।
মোহাম্মদ উসমান গনি কোম্পানীগঞ্জ থানায় যোগদানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর সুযোগ্য নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পাবেন।
সচেতন মহলের মতে, একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে মোহাম্মদ উসমান গনি তাঁর পেশাদারিত্ব ও সততা বজায় রেখে কোম্পানীগঞ্জ উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
