সিলেট

ছাতকে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, এক্সেভেটর ও হুইল লোডার জব্দ

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ · রাত ১০:০০ · ১৭১ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর উত্তরপাড়া এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর ও একটি হুইল লোডার জব্দ করে বিকল করে দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে অবৈধ কার্যক্রমে ব্যবহৃত একটি এক্সেভেটর ও একটি হুইল লোডার জব্দ করে অচল করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রশাসন জানিয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ