সিলেট

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন, পুলিশ সহযোগিতা করবে: ওসি ওমর ফারুক

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ · ৮:২০ পিএম · ১৭৭ ভিউ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দারুসালাম দারুল হাদীস লাফনাউট মাদরাসায় মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মাদরাসা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার উমর ফারুক। মাদক ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি ও উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ব্যবসা ছেড়ে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন। যারা ভুল পথ ছেড়ে সুস্থ জীবনে ফিরতে চান, পুলিশ তাদের সব ধরনের সহযোগিতা করবে। তবে মাদকের মাধ্যমে সমাজ ধ্বংসের অপচেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ওসি উমর ফারুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনকে যদি সুন্দরভাবে উপভোগ করতে চান, তবে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সুন্দর জীবনের প্রধান অন্তরায় হলো মাদক। তাই নিজেকে এবং সমাজকে বাঁচাতে মাদক থেকে দূরে থাকতে হবে।

অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনার সন্তান কী করছে, কোথায় যাচ্ছে এবং কাদের সাথে মিশছে—তা নিয়মিত খোঁজ রাখুন। অভিভাবকদের সচেতনতাই পারে সন্তানকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে।

মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা হোসেন আহমদ গনিকান্দির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এবং মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম।

বক্তারা বলেন, মাদক কেবল একটি ব্যক্তি বা পরিবারকে নয়, পুরো জাতিকে পঙ্গু করে দেয়। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়তে হলে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে হেফাজত করতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত সংবাদ