সিলেট

সিলেটের ‘ছিনতাইকারী কুইন’ পপি এবার শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ · ৩:২৪ এএম · ১৭৬ ভিউ

সিলেট নগরীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে দুর্ধর্ষ নারী ছিনতাইকারী চক্রের হোতা সীমা বেগম পপি। লোকসমাগমস্থলে ভ্যানিটি ব্যাগ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরিতে সিদ্ধহস্ত এই চক্রটি এবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে পপি ও তার সহযোগী শিউলিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী সীমা বেগম পপি (৩০) এবং একই এলাকার শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে সোবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে সেবা নিতে আসা লোকজনের ভিড়ের মধ্যে চুরির চেষ্টা চালায় পপি ও শিউলি। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজন তাদের পাকড়াও করেন। পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

আটক দুই নারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল বাছিত মোল্লা তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন হাসপাতাল ও জনবহুল স্থানে নারীদের ব্যাগ এবং অলংকার চুরি করে আসছিল। বুধবার রাতে হাতেনাতে ধরা পড়ার পর তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সীমা বেগম পপি সিলেটের অপরাধ জগতে একটি পরিচিত নাম। এর আগে ২০২২ সালের ২ মার্চ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বড় ধরনের চুরি ও ছিনতাইয়ের ঘটনায় পপি গ্রেফতার হয়েছিল। সে সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডেও নিয়েছিল। জামিনে বেরিয়ে সে আবারও তার পুরনো পেশায় সক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সম্পর্কিত সংবাদ