সিলেট

জৈন্তাপুরে পুলিশি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ১৩ জুলাই ২০২৬ · ২:৪৩ এএম · ১৬৪ ভিউ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে পরিচালিত এক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত ১১টা ২৫ মিনিটে জৈন্তাপুর থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন হিসেবে রুমিন আহমদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৭০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রুমিন আহমদ উপজেলার বগাবিল (পাখিবিল) গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

অভিযানের বিষয়ে জৈন্তাপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জৈন্তাপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা, পরিবহন কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ