সিলেট

বিয়ানীবাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১২ জুলাই ২০২৬ · ৭:১৬ পিএম · ১৭১ ভিউ

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ঘুষিতে আলী হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন একই এলাকার নজিব উদ্দিনের ছেলে। তিনি বিবিরাই বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত শাহিনুর (৩০) একই গ্রামের মুনিয়া মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক পৌনে ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে আলী হোসেনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে শাহিনুরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে শাহিনুর আলী হোসেনের নাকে সজোরে ঘুষি মারেন।

ঘুষির আঘাতে আলী হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিয়ানীবাজার থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শাহিনুর ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সম্পর্কিত সংবাদ