সিলেট

“নয়-ছয়ের সুযোগ নেই, কাকে ইঙ্গিত করলেন সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ · ৯:৫৯ এএম · ১৮১ ভিউ

সিলেট নগরীর কুমারপাড়ায় চলমান উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে নগর ভবনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “নয়-ছয়ের কোনো সুযোগ নেই—জনগণ সব বোঝে। কাজের মান খারাপ তারপর নানান তালবাহানা দিয়ে জনগণের আস্থা অর্জন করা যায় না।”

তাঁর এই তীক্ষ্ণ মন্তব্য এবং “নয়-ছয়” শব্দবন্ধটি ঠিক কার উদ্দেশ্যে, তা নিয়ে এখন সিলেটের রাজনৈতিক ও সচেতন মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।
তীরের মুখে ঠিকাদার ও সিসিকের প্রকৌশলীরা?

সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, সিসিক প্রশাসকের এই ইঙ্গিতের মূল লক্ষ্য মূলত দুটি পক্ষ—নিম্নমানের কাজের সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান: সিলেট নগরীর বিভিন্ন উন্নয়নকাজে দীর্ঘদিন ধরেই ধীরগতি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলছিলেন নগরবাসী। কাইয়ুম চৌধুরীর এই হুঁশিয়ারি সরাসরি সেইসব ঠিকাদারদের উদ্দেশ্যে, যারা কাজ নিয়ে “তালবাহানা” করে সময় ও অর্থের অপচয় করছেন। অপরদিকে সিসিকের অভ্যন্তরীণ মনিটরিং টিম: উন্নয়নকাজের তদারকির দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও কর্মকর্তাদের ব্যর্থতা বা শিথিলতাকেও তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, তদারকি শক্ত হলে কাজের মান খারাপ হওয়ার সুযোগ থাকে না।

পোস্টে প্রশাসক আরও যোগ করেন, “আমাদের এই সিস্টেম থেকে বাহির হয়ে আসতে হবে। এক কাজ বারবার না করে বারবারের কাজ একবারেই করা ভালো।”

তাঁর এই বক্তব্য ইঙ্গিত করে যে, সিসিকের উন্নয়ন পরিকল্পনায় বড় ধরনের ক্রুটি রয়েছে। একই রাস্তা বা ড্রেন বারবার খোঁড়াখুঁড়ি করে জনগণের ভোগান্তি বাড়ানো এবং সরকারি টাকা অপচয়ের যে “সিস্টেম” বা সংস্কৃতি তৈরি হয়েছে, তিনি সেটি ভাঙতে চান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি পূরণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। কুমারপাড়ার এই কঠোর বার্তা আসলে পুরো সিলেট নগরীর সমস্ত চলমান প্রকল্পের জন্য একটি প্রকাশ্য আলটিমেটাম। এখন দেখার বিষয়, প্রশাসকের এই কড়া ইঙ্গিতের পর কাজের গতি ও মানে কতটা পরিবর্তন আসে।

সম্পর্কিত সংবাদ