সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ নিয়ে আলোচিত এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র প্রদর্শনের অভিযোগে তাজিম আহমেদ ওরফে তাজিনুর রহমান (১৯)কে গ্রেফতার করা হয়। তিনি গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন গ্রামের জিল্লু মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ আহমদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সকল প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, একই ঘটনায় গত ১৫ জুন পুলিশ অভিযান চালিয়ে রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫), মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭) এবং উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার শাকিল আহমদ (২৭)কে গ্রেফতার করে। পরবর্তীতে আরও একজনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তাজিম আহমেদকে আটক করার মধ্য দিয়ে এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওতে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
