গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের শান্তিনগর এলাকায় যুব সমাজের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর যুব সমাজের সদস্যরা নলজুরি আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাহাব উদ্দিন (আনুমানিক ৫০) নামে এক ব্যক্তিকে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটকের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শান্তিনগর যুব সমাজের সদস্যরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে তারা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও নজরদারি চালিয়ে যাচ্ছেন।
তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
এলাকাবাসী যুব সমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply