কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ে উদ্বেগের মধ্যেই ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উৎমা, দমদমা, বরম ও কালাইরাগ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ও অন্যান্য চোরাচালান কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি উৎমা পর্যটন স্পটে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সচেতন মহল সীমান্ত এলাকায় মাদক কারবার এবং পর্যটনকেন্দ্রগুলোতে মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোলাই ব্রিজ এলাকায় অভিযান চালায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ নুর মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে সুমন সরকার এবং একই গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক প্রবেশ ও বিস্তার ঘটতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
Leave a Reply