বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

একুমে সিলেট ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় তার প্রতিবেশি আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত বুধবার (১১ মার্চ) দুপুরে এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাই তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। পরে ওইদিন রায়ের তারিখ পিছিয়ে আজ বুধবার নতুন তারিখ নির্ধারণ করা হয়।

গত ২ ডিসেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় আদালত মোট চার জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

পরে পুলিশ তদন্ত শেষে আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। এর ভিত্তিতে গত ১৪ জুলাই আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়লেও তিনি পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাক্ষী বিষয়টি দেখে বাদীকে জানান। পরে সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত নিশ্চিত হন যে, আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff