সিলেট

সিলেটে হামের ছোবল, একদিনে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ১১ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:০১ · ১৭৫ ভিউ

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মারা যাওয়া শিশুরা হলো—সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা বিলাল আহমদের ছয় মাস বয়সী ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা সাইদুল আলমের এক বছর দুই মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং একই জেলার জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান।

এদিকে, রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩০ জন রোগী ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসাসেবা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ