সিলেট

বিয়ানীবাজারে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি
প্রতিবেদক · রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৪৭ · ২১০ ভিউ

সিলেটের বিয়ানীবাজারে ৩৫ বোতল ভারতীয় মদসহ মাহমুদ আহমদ ওরফে সোহান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখাঁ এলাকায় চারখাই ইউনিয়ন পরিষদের সামনে জকিগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই হোসাইন মিয়া ও এএসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-জ-১১-০৭৭৮।

তল্লাশিকালে বাস থেকে ৩৫ বোতল ভারতীয় ‘রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি’ উদ্ধার করা হয়। এ সময় মাহমুদ আহমদ ওরফে সোহানকে আটক করে পুলিশ।

আটক মাহমুদ আহমদ ওরফে সোহান হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উত্তর-পূর্ব ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ