সিলেট

কানাইঘাটে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ১৫ আগস্ট ২০২৬ · রাত ১০:৫৮ · ১৭৬ ভিউ

সিলেটের কানাইঘাটে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গ্রেপ্তারের পর পুলিশকে অভিনন্দন জানিয়ে এলাকায় আনন্দ মিছিলও করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন—মইনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে জামাল আহমদ (৩৮) ও লামাপাড়া গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে সুরুজ আলী (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই আব্দুল হান্নান, এএসআই বাপ্পী রুদ্র পাল ও অলিউল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মইনা গ্রামের জামাল আহমদের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে জামাল আহমদ ও সুরুজ আলীকে ২৬টি ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে রাজাগঞ্জ এলাকায় স্থানীয়রা আনন্দ মিছিল করেন। স্থানীয়দের অভিযোগ, জামাল আহমদ ও সুরুজ আলীসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তারা।

স্থানীয়রা বলেন, মাদকের আস্তানায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরেছে। তারা পুলিশকে ধন্যবাদ জানান এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাজাগঞ্জ এলাকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং যুব ও ছাত্রসমাজের সহযোগিতায় থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এলাকায় অভিযান চালিয়ে জামাল ও সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ