সিলেট

জাফলংয়ে ব্রিজ যেন গলার কাঁটা

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ · রাত ১০:৪৬ · ২১৫ ভিউ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে যোগাযোগব্যবস্থার উন্নয়নে নির্মিত ব্রিজটি এখন স্থানীয়দের জন্য যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মূল সড়ক থেকে অতিরিক্ত উঁচুতে নির্মাণ করা হলেও ব্রিজটির সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) এখনো তৈরি হয়নি। ফলে ব্রিজে ওঠানামার জন্য স্থানীয়দের বাঁশের সিঁড়ির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের তামাখালি এলাকায় আম স্বপ্ন হেলালের বাড়ির সামনে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। এর মধ্যে একটি ব্রিজের নির্মাণকাজ কিছুদিন আগে শেষ হয়েছে।

তবে ব্রিজটি মূল সড়ক থেকে অনেক উঁচুতে নির্মাণ করা হলেও এখনো সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে ব্রিজে ওঠানামার স্বাভাবিক কোনো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা ব্রিজের দুই পাশে লম্বা বাঁশের সিঁড়ি তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

প্রতিদিন আম স্বপ্ন গ্রামের বাসিন্দা ছাড়াও আশপাশের এলাকার সাধারণ মানুষ এবং স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী এসব বাঁশের সিঁড়ি দিয়ে ব্রিজ পারাপার হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সিঁড়ি থেকে পা পিছলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য এভাবে ব্রিজ পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষাকালে সিঁড়ি ভেজা ও পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাওয়া যাচ্ছে না। বরং প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণ এবং প্রকল্পের আওতায় থাকা অপর ব্রিজটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে একুশে সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি রাজু বিশ্বাস দুর্জয় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে তিনি ফোন রিসিভ করেননি।

সম্পর্কিত সংবাদ