সুনামগঞ্জ

দিরাইয়ে দুই শিশু সন্তান খুনের অভিযোগ, বাবার দেওয়া তথ্যেই মিলল লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ১২ আগস্ট ২০২৬ · রাত ১১:১০ · ১৭২ ভিউ

সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে তাদের বাবা কামরুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) উপজেলার পৃথক দুটি স্থান থেকে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো—শ্যামারচর ইউনিয়নের মধুপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) থেকে মুহাদ্দিস ও তুলনা নিখোঁজ ছিল। সন্তান দুজন নিখোঁজ হওয়ার পর তাদের বাবা কামরুল মিয়া স্থানীয়দের জানান, শিশুরা নিখোঁজ হয়েছে এবং তিনি তাদের খুঁজে পাচ্ছেন না। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এদিকে কামরুলের কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। মঙ্গলবার (১১ আগস্ট) গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বুধবার সকালে সন্তানদের বিষয়ে জানাবেন বলে জানান।

বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কামরুল তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিরাই-সিলেট সড়কের মদনপুর এলাকা ও জাউয়া এলাকা থেকে পৃথকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের বাবা কামরুল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে কামরুল মিয়াকে আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ