আলোচিত সংবাদ

সিলেটে নিজ বাসায় বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকা খুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ১২ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৬:১২ · ১৭১ ভিউ

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মিতালী ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—বাসার মালিক ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাদের ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা।

আব্দুস সত্তার মিয়া চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রায়নগরের নিজ বাসায় বসবাস করছিলেন। তাঁর চার সন্তানের মধ্যে দুইজন লন্ডন ও দুইজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া জানান, তাঁর মা-মামি রায়নগরের বাসায় থাকতেন। তাঁদের সঙ্গে একজন গৃহপরিচারিকা থাকতেন। বুধবার সকাল ৯টার দিকেও তাঁদের সঙ্গে কথা হয়েছিল। তাঁর ধারণা, সকাল ৯টার পর কোনো একসময় তিনজনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

সম্পর্কিত সংবাদ