স্টাফ রিপোর্ট
সিলেটের ঐতিহ্যবাহী বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির এক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ‘টিলাগড় ক্লাব’-এর বর্তমান কমিটি বাতিল ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৯ মে) টিলাগড়স্থ চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এই সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদের পরিচালনায় আয়োজিত সভায় টিলাগড় অঞ্চলের ১৬টি পাড়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে টিলাগড় ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। ক্লাবের কার্যক্রম গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে অ্যাডভোকেট মুজিবুর রহমান (পিপি)-কে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— আশরাফ বখত, দীপক রায়, ইফতেখার আহমদ, মেহবুবুর রহমান জুনেদ, রফিক আহমদ, আনসার উদ্দিন, রফিকুল ইসলাম জুয়েল, সাজ্জাদুর রহমান সাজু, রব নেওয়াজ রানা এবং রাশেদ আহমদ।
নবগঠিত এই অ্যাডহক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১৬টি পাড়ার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা বা প্রস্তাবনা পঞ্চায়েত কমিটির নিকট পেশ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, টিলাগড় এলাকার সামাজিক ও ক্রীড়া উন্নয়ন ত্বরান্বিত করতে একটি শক্তিশালী ও সুসংগঠিত ক্লাবের বিকল্প নেই। ১৬টি পাড়ার সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে টিলাগড় ক্লাবকে একটি আদর্শ সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করাই এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য। সভায় ১৬টি পাড়ার মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
Leave a Reply