ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

ঝুলন্ত ডালের আঘাতে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

বিশ্বনাথ প্রতিনিধি::
ঝড়ের সময় ঝুলে থাকা গাছের ডাল মাথায় পড়ে সিলেটের বিশ্বনাথে সেবুল আহমেদ (সেবুল মিয়া) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে কামাল বাজার-বাবনা সড়কের লামা হাজরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেবুল আহমেদ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। কর্মজীবনে তিনি গ্রামীণ ব্যাংকের সিলেট সদর উপজেলার টুকের বাজার শাখায় দায়িত্ব পালন করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যাংকের কাজ শেষে মোটরসাইকেলযোগে সিলেট শহরের বাসায় ফিরছিলেন সেবুল আহমেদ। তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার-বাবনা সড়ক দিয়ে যাওয়ার পথে লামা হাজরাই এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ঝুলন্ত গাছের ডাল তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।

স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়া এলাকায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, পূর্ববর্তী কোনো ঝড়ে গাছটির ডাল ভেঙে ঝুলন্ত অবস্থায় ছিল, যা পরবর্তীতে এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff