সিলেট

জৈন্তাপুরে চোরাই ওষুধসহ পালানোর চেষ্টা ব্যর্থ, ডিবির হাতে আটক ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ · সন্ধ্যা ৭:১৫ · ২৫১ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ওষুধ ও একটি পিকআপ গাড়িসহ দুইজনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল অভিযান চালিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের ফতেহপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

১৪ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে একটি নীল রঙের ডিআই পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন— আশরাফুল আম্বিয়া (২৩) ও নাহিদ আহমেদ (২০), উভয়ই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

তাদের কাছ থেকে ৪ লাখ ৫৩ হাজার ৬০০টি (ডিক্লো-এম) ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। এছাড়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এসব ওষুধ ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয় এবং সিলেটে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে আরও কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা জরুরি।

সম্পর্কিত সংবাদ