বিপাকে প্রবাসীর পরিবার
একুশে সিলেট ডেস্ক
সুরমা নদীর তীরবর্তী বেড়িবাঁধের ইট চুরি প্রতিরোধে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে প্রবাসীর পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার-আইওর এলাকার বাসিন্দা কাতার প্রবাসী আব্দুল মন্নান গত রবিবার বাদ মাগরিব স্থানীয় বেড়িবাঁধ থেকে ইট চুরির প্রতিবাদ করেন। এর জেরে ওই রাতেই একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রীকে মারধর করা হয় এবং বসতঘরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
প্রবাসে থাকা আব্দুল মন্নান জানান, দেশে তার অনুপস্থিতিতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করার মতো কেউ না থাকায় তিনি ফোনে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন। তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি বলে তার অভিযোগ।
তিনি বলেন, বিষয়টি স্থানীয় কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার মঈনকেও জানানো হয়েছে। এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
Leave a Reply