সিলেট

কুশিয়ারায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন ঘিরে উত্তেজনা, মুখোমুখি ইজারাদার-এলাকাবাসী

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:০০ · ১৯৪ ভিউ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে সরকারি ইজারা নিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নদীভাঙনের আশঙ্কায় ইজারাদারের বালু উত্তোলনের বিরোধিতা করছেন নদীপাড়ের বাসিন্দারা। এ নিয়ে ইজারাদার ও এলাকাবাসী মুখোমুখি অবস্থানে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর উপজেলার শেওলা ইউনিয়নের দক্ষিণভাগ চরে বালু উত্তোলন করতে গেলে ইজারাদারের লোকজনকে বাধা দেন স্থানীয়রা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বালু উত্তোলন ঠেকাতে নৌকা নিয়ে নদীতে টহল দিতে দেখা যায় স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, দক্ষিণভাগ চরটি জুবের আহমদ নামের এক ব্যক্তি সরকারি ইজারা নিয়েছেন। তবে ইজারাকৃত নির্ধারিত এলাকার বাইরে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি, রাস্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙনের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

শেওলা-দীঘলবাগ এলাকার বাসিন্দা মিজু আহমদ বলেন, ‘নদীতে আমাদের বসতভিটা বিলীন হচ্ছে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মানববন্ধন করেছি। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে আমরা রাত জেগে নদী পাহারা দেব।’

তবে ইজারাদার জুবের আহমদ বলেন, তিনি বৈধভাবে বালুমহাল ইজারা নিয়েছেন এবং প্রশাসনের চিহ্নিত করে দেওয়া স্থান থেকেই বালু উত্তোলন করছেন। এরপরও তাকে বারবার বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘এলাকাবাসীর দাবি যৌক্তিক। নদীভাঙনে অনেক মানুষ নিঃস্ব হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ এলাকা ইজারা না দেওয়া হয়। বর্তমান ইজারাদারকে নদীর ৪০ ফুটের বাইরে থেকে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করায় ইতোমধ্যে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপরও নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ