সিলেট

চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫০ · ১৮৪ ভিউ

সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

কর্তৃপক্ষকে না জানিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং পরে কর্মস্থলে যোগদানের নির্দেশ পেয়েও কাজে যোগ না দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এস এম মেহেদী হাসান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইলে কর্মস্থলে যোগদানের জন্য নোটিশ পাঠানো হয়। তবে নোটিশ পাওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি।

এ ঘটনায় গত বছরের ১৯ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। মামলায় অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও চাননি তিনি।

পরে অভিযোগ তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। চলতি বছরের ২৯ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে এস এম মেহেদী হাসানের বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এরপর গত ৪ জুন তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশেরও কোনো জবাব দেননি তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে গত ২৪ আগস্ট কমিশন তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়।

পরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এস এম মেহেদী হাসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সম্পর্কিত সংবাদ