মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা একটি লজ্জাবতী বানরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া ৫ নম্বর বস্তির বলাই রবিদাসের বাসার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় লজ্জাবতী বানরটি হঠাৎ মাটিতে নেমে আসে। বানরটিকে দেখতে পেয়ে সেখানে থাকা শিশুরা চিৎকার শুরু করে। এ সময় দুলাল রবিদাস বানরটিকে দেখতে পেয়ে ধরে নিরাপদে আটকে রাখেন।
পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয়দের এমন সচেতনতা ও সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
