আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধার সঠিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক ও দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতকার্য ১৩৩ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মেধার বিকাশ, স্বপ্নের সূচনা’ স্লোগানকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক তন্ময় পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির স্থগিত সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার ও একলাছ মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতকার্য ১৩৩ মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
