একুশে সিলেট ডেস্ক
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নতুন চেয়ারম্যান (২য় গ্রেড) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রেজাউল হাসান কয়েস লোদী। রবিবার (১৪ জুন) তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর তাঁর যোগদানপত্র পেশ করেন।
এর আগে গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই পদে নিয়োগ দেওয়া হয়। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে তাঁর যোগদান সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে অনুলিপি প্রেরণের মাধ্যমে অবহিত করা হয়েছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাড়াও আজ দেশের আরও সাতটি অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যানগণ একযোগে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন। তাঁরা হলেন— এস. এম. শফিকুল আলম (খুলনা), মো. আবুল কালাম আজাদ (রাজশাহী), মোহাম্মদ জসিম উদ্দিন (কক্সবাজার), মোতাহার হোসেন তালুকদার (ময়মনসিংহ), মো. শামসুজ্জামান সামু (রংপুর), উতবাতুল বারী আবু (কুমিল্লা) এবং মাসুকুল ইসলাম রাজিব (নারায়ণগঞ্জ)।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবদুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে এই কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচিবালয়ে প্রবেশের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পুলিশ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যানবৃন্দ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (১৫ জুন) মন্ত্রণালয়ে মন্ত্রীর সভাপতিত্বে নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply