একুশে সিলেট ডেস্ক
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন হাওলদার পাড়া এলাকা থেকে ঐশিরা রানী দাস (২২) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ঐশিরা রানী দাস হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চৌকি এলাকার সত্য পদ দাসের মেয়ে। তিনি পরিবারের সাথে জালালাবাদ থানাধীন কুশিয়ারা হাওলাদার পাড়া এলাকার ৮নং ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষে ঐশিরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁর বড় বোন স্বর্ণা রানী দাস দোতলা বাড়ির সিঁড়ির ওপর টিনের চালের লোহার পাতের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঐশিরাকে ঝুলতে দেখেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন এবং থানায় খবর দেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply