সিলেট

বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই ৩ ছাত্রী নিখোঁজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ২২ এপ্রিল ২০২৬ · ৯:৫৫ পিএম

একুশে সিলেট ডেস্ক

সিলেটের বিয়ানীবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিনেই পৃথক স্থান থেকে তিন পরীক্ষার্থী ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে দুজন এসএসসি এবং একজন দাখিল পরীক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা শুরুর পর থেকে তাদের আর খোঁজ মিলছে না। এ ঘটনায় বুধবার বিয়ানীবাজার থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ ছাত্রীদের পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, প্রথম দিন পরীক্ষা দিতে বের হয়ে এক ছাত্রী কেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষায় অংশ নেননি। বাকি দুই ছাত্রী পরীক্ষা শেষ করার পর আর বাড়ি ফিরে আসেননি। এই ঘটনা পুরো উপজেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিখোঁজদের মধ্যে একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসার ছাত্রী; তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল মাথিউরা সিনিয়র মাদ্রাসা। অন্য দুজন এসএসসি পরীক্ষার্থী; যাদের একজনের বাড়ি উপজেলার চরিয়া গ্রামে এবং তাঁর কেন্দ্র ছিল দুবাগ স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় ছাত্রীর বাড়ি বিয়ানীবাজার পৌর শহরের নয়াগ্রামে; তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ বা ব্যক্তিগত কোনো কারণে তারা স্বেচ্ছায় কোথাও চলে গিয়ে থাকতে পারেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার্থীদের নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। অভিযোগ পাওয়ার পর থেকেই তাদের উদ্ধারে পুলিশের পৃথক অভিযান চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তবে প্রাথমিক তদন্তে এটি নিশ্চিত হওয়া গেছে যে, ছাত্রীরা অপহৃত হননি; তারা নিজেরাই কোথাও চলে গেছেন। আশা করছি দ্রুতই তাদের সন্ধান পাওয়া যাবে।

এদিকে, পরীক্ষা চলাকালীন এমন ঘটনায় নিখোঁজ ছাত্রীদের পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ