স্টাফ রিপোর্টার
সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় এক সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত একাধিক মামলার আসামি মূলহোতা রাজিব হোসেন ওরফে ‘মাছচোরা রাজিব’কে (৩১) গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিলাগড় পয়েন্ট সংলগ্ন ভাই ভাই হেয়ার ড্রেসারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজিব হোসেন নগরীর যতরপুর এলাকার নবপুষ্পা-৫৯নং বাসার মো. আলী মিয়ার ছেলে। রোববার (৫ এপ্রিল) বিকেলে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, ২ মার্চ দিবাগত রাত ৩টার দিকে (সেহরির সময়) শিবগঞ্জ আদিত্যপাড়া এলাকার সাংবাদিক মো. ইসলাম আলীর বাসায় ৩-৪ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। তারা সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই সুযোগে ডাকাত দল ঘর তছনছ করে নগদ ৯০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ২৬ ভরি রুপা এবং ৩টি মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে পাশের বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজিব ওরফে মাছচোরা রাজিবসহ অপর এক মুখোশধারীকে শনাক্ত করেন ভুক্তভোগী সাংবাদিক। এ ঘটনায় ৮ মার্চ তিনি শাহপরাণ থানায় একটি ডাকাতি মামলা (মামলা নং ১৭) দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং অবশেষে রাজিবকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply