জৈন্তাপুরে মানবপাচার চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি, প্রতিরাতে ৩০–৩৫ জন পাচারের অভিযোগ
মীর শোয়েব, জৈন্তাপুর
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানবপাচার চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিরাতে সীমান্তবর্তী বিভিন্ন রুট ব্যবহার করে প্রায় ৩০ থেকে ৩৫ জন মানুষকে অবৈধভাবে পাচার করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, পাচারকারীরা প্রতিটি ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। পাচারের শিকারদের মধ্যে নারী, পুরুষ ও তরুণদের সংখ্যাই বেশি। সম্প্রতি পাচারের অপেক্ষায় থাকা কয়েকজন নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, নলজুরি, আমস্বপ্ন, খাসিহাওড়, গোয়াবাড়ি ও ডিবির হাওর এলাকা দিয়ে নিয়মিতভাবে এসব পাচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তঘেঁষা হওয়ায় পাচারকারীরা সহজেই এসব রুট ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অপরাধের সঙ্গে জড়িত। অভিযোগে কয়েকজনের নাম উঠে এলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) ওসমান গনি জানান, মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। প্রতিদিন রাতেই সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল দেখা যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সচেতন মহল মনে করছে, মানবপাচারের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে দ্রুত তদন্ত, সীমান্তে নজরদারি জোরদার এবং জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।
Leave a Reply