সিলেট

৭৪ লাখ টাকার ভারতীয় কাপড় ও কসমেটিকসসহ দুই চোরাকারবারি আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ · ৭:৫৪ পিএম · ১১২ ভিউ

একুশে সিলেট ডেস্ক
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকায় ৭৪ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এসময় মালবাহী একটি কাভার্ড ভ্যানও জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার রামপাল থানার পিত্যে এলাকার তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) এবং একই এলাকার মোঃ বক্কার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭)।

বিষয়টি সোমবার (১৭ মার্চ) ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, রবিবার (১৬ মার্চ) রাতে শাহপরাণ থানার সুরমা গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় একটি হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যান (রেজিঃ নং- খুলনা মেট্রো-ট-১১-২০২১) আটক করে এতে তল্লাসী চালিয়ে ৭৪ লাখ ৫৪ হাজার ২শ ৪০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে রেড বুল এনার্জি ড্রিংক ৪ হাজার ৫৩৬ পিস, নেহা ফাস্ট কালার মেহেদী ১৪ হাজার ৪শ পিস, এসটি ব্যান্ডের চশমা ৫ হাজার ৮শ ২০ পিস, ভারতীয় শাড়ি ৩শ ৫৪ পিস, ভারতীয় থ্রি-পিছ ২শ ৭৬ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৩ পিস এবং ভারতীয় জামা (ছোটদের টু-পিস) ৪২ পিস।

এ ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত সংবাদ