সিলেট

ফেঞ্চুগঞ্জে গোরস্তানে মিলল রক্তমাখা নবজাতক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১১ নভেম্বর ২০২৪ · ৯:০১ পিএম

সবুজ সিলেট ডেস্ক
ফেঞ্চুগঞ্জে নিস্তব্ধ গোরস্তানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘিলাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শিশুটিকে একনজর দেখতে ভিড় করেন অনেকেই। পরে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষিকা তাহমিনা ও স্থানীয় লোকজন।

জানা যায়, ‘ওই গোরস্তানে মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন এক লোক। হঠাৎ আশেপাশে নবজাতকের কান্না শুনে ভীষণ হতভম্ব অবস্থা হয় তার। চিৎকারে ছুটে আসেন স্কুলগামী এক শিক্ষিকা, শিক্ষার্থী ও মাঠে যাওয়া লোকজন। দেখা যায়, কবরের ওপরেই কান্না করছে মেয়ে নবজাতক। ভয়ে কেউ সাহস করতে না পারলেও এগিয়ে যান শিক্ষিকা তাহমিনা।’

নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই শিক্ষিকা ও স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, শিশুটির বয়স একদিন হবে। শিশুটি সুস্থ আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান, শিশুটি আমাদের হেফাজতে স্কুল শিক্ষিকার কাছে রাখা হয়েছে। ৭ দিন এরকম থাকবে। এর ভিতরে মা-বাবার সন্ধান পাওয়া না গেলে, কেউ দত্তক নিতে চাইলে দেয়া হবে অথবা সোনামনি নিবাসে পাঠিয়ে দেয়া হবে।

সম্পর্কিত সংবাদ