সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অকেজো হয়ে পড়ে থাকা ৯টি আর-ও (RO) পানি শোধন প্ল্যান্ট মেরামত ও পুনরায় সচল করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মঙ্গলবার (৩০ জুন) খাদিমনগরের দাসপাড়ায় অবস্থিত ‘মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স’ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পটির আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন হয়।
‘RO Water Filtration Plant 2025 (Repairment)’ প্রকল্পের আওতায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা, হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয়ে স্থাপিত এই প্ল্যান্টগুলো পুনরায় সচল করার মাধ্যমে প্রায় ২৭ হাজার মানুষ বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা ফিরে পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দা পারভীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সিলেটে বিশুদ্ধ পানির যে সংকট রয়েছে, তা নিরসনে মুসলিম হ্যান্ডসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিরাপদ পানি জনস্বাস্থ্যের অন্যতম পূর্বশর্ত। এই প্রকল্পটির বিশেষ দিক হলো কমিউনিটি মালিকানা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা, যা অন্যান্যদের জন্য একটি উদাহরণ হতে পারে।
মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, আমরা শুধু অবকাঠামো নির্মাণ বা মেরামতেই সীমাবদ্ধ নই; বরং স্থানীয়দের প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করতে কাজ করছি। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি।
অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুজিবউল্লাহ। তিনি জানান, শুধু মেরামতই নয়, প্রতিটি প্রতিষ্ঠানে ‘ওয়াশ (WASH) কমিটি’ গঠন করা হয়েছে এবং সদস্যদের রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় টুলকিট প্রদান করা হয়েছে। এছাড়াও পানির গুণগত মান পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুসলিম হ্যান্ডসের হেড অব প্রোগ্রামস নেলসন সমীরণ হালদার এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আহাম্মদ ইশতিয়াক। সুবিধাভোগীদের পক্ষে প্রতিনিধিরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দীর্ঘদিন প্ল্যান্টগুলো বন্ধ থাকায় তারা দুর্ভোগে ছিলেন, যা এখন দূর হলো।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
