নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল জকিগঞ্জ-শেওলা সড়কে অভিযান চালায়। অভিযানে এসআই মাসুদ আহমেদের নেতৃত্বে এএসআই রকিবুল ইসলাম ভূঞা ও এএসআই মো. এরশাদ মিয়া অংশ নেন।
অভিযানকালে উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকায় ইমন ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে মো. আব্দুল ওয়াহিদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল ওয়াহিদের বাড়ি উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামে।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃত আসামির পাশাপাশি পলাতক আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply