সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে একটি পুকুর থেকে রুহেল আহমদ (নাম জানা অনুযায়ী) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তরভাগ লামাপাড়া পশ্চিম মহল্লায় তাজুল ইসলামের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত রুহেল আহমদ আলীনগর ইউনিয়নের উত্তরভাগ লামাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং শনিবার (৪ জুলাই) থেকে নিখোঁজ ছিলেন।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান, মরদেহ উদ্ধারের প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
