নিজস্ব প্রতিবেদক:
সিলেট অঞ্চলে মানবপাচার চক্রের দৌরাত্ম্য নিয়ে একুশে সিলেট পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২১ মার্চ) গোয়াইনঘাট উপজেলা–এর মাতুরতল এলাকা থেকে অভিযান চালিয়ে ১ জন মানবপাচারকারীসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে।
বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আটক মানবপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এর আগে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিরাতে ৩০ থেকে ৩৫ জন মানুষ পাচারের অভিযোগ তুলে একুশে সিলেট পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করছে এবং প্রতিটি ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায় করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলজুরি, আমস্বপ্ন, খাসিহাওড়, গোয়াবাড়ি ও ডিবির হাওরসহ বিভিন্ন রুট ব্যবহার করে এই পাচার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সীমান্তঘেঁষা হওয়ায় এসব এলাকা পাচারকারীদের জন্য সহজ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সচেতন মহলের মতে, সাম্প্রতিক এই অভিযান ইতিবাচক হলেও মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে এ ধরনের অভিযান আরও জোরদার করা এবং পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা জরুরি।
তারা আরও বলেন, সীমান্ত এলাকায় স্থায়ী নজরদারি বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন অব্যাহত থাকলে মানবপাচারের মতো সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব।
Leave a Reply