সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বিয়ের মাত্র ১২ দিনের মাথায় জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরদিন শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন তার স্বামী চয়ন তালুকদার।
নিখোঁজ জয়া দাস জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামে।
জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১১ দিন আগে চয়ন তালুকদারের সঙ্গে জয়া দাসের বিয়ে হয়। বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়া এলাকায় স্বামীর কাকার বাসায় বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় একটি জিডি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
Leave a Reply