স্টাফ রিপোর্ট
সিলেটের গোয়াইনঘাট উপজেলা এলাকায় একটি পোল্ট্রি ফার্ম থেকে জবাই করা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় পাওয়া গেছে, যা হত্যার পর লাশ গোপনে দাফনের পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়ন-এর নারায়ণপুর ৩য় খণ্ড এলাকার একটি পোল্ট্রি ফার্মে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত কিশোরের নাম সুমন আহমদ (১৭)। তিনি পার্শ্ববর্তী বানিগ্রাম এলাকার বাসিন্দা এবং আনোয়ার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনের মুখ বাঁধা ছিল এবং তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়, যা দেখে স্থানীয়দের ধারণা—হত্যার পর লাশটি গোপনে দাফন করার পরিকল্পনা ছিল।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বর্তমানে ঘটনাস্থলে গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল অবস্থান করছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে তদন্তের অংশ হিসেবে পোল্ট্রি ফার্মের মালিকের বাড়ি থেকে রক্তমাখা একটি হাতুড়ি ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply