সিলেটে একুশের কর্মসূচি ঘোষণা: রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু

সিলেটে একুশের কর্মসূচি ঘোষণা: রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু

একুশে সিলেট ডেস্ক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।

একুশের প্রথম প্রহর অর্থাৎ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দিবসটি উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ভাষা শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বাদ আসর সিলেট কালেক্টরেট জামে মসজিদ ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

শহিদ দিবস উপলক্ষ্যে সিলেট নগরীর ওসমানী শিশু পার্ক, ওসমানী জাদুঘর এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ২১ ফেব্রুয়ারি সারাদিন শিশু-কিশোর, শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ এবং অটিস্টিক শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, দিবসটি উদযাপনে সব ধরনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল স্তরের জনগণকে এসকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff