একুশে সিলেট ডেস্ক
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট দুর্ঘটনা ও প্রাণহানার তুলনায় এ সংখ্যা কম হলেও উদ্বেগজনক পরিস্থিতিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন–এর নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো জানুয়ারি মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সারা দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮৭ জন এবং আহত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে নারী ৬৮ জন এবং শিশু ৫৭ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ।
সিলেট বিভাগে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম হলেও ২৪টি দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটে পৃথক দুটি দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও একটি টমটমের যাত্রী নিহত হন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৪১ জন।
যানবাহনভিত্তিক নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৯৬ জন, বাসের যাত্রী ২১ জন, ট্রাক ও সমজাতীয় ভারী যানবাহনের আরোহী ২৮ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসের যাত্রী ৯ জন, থ্রি-হুইলার যাত্রী ৭৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৩ জন এবং বাইসাইকেল আরোহী ১১ জন রয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১৩৫টি মুখোমুখি সংঘর্ষ, ২০৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১৩৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৭২টি যানবাহনের পেছনে আঘাত এবং ৬টি অন্যান্য কারণে ঘটেছে। সড়কের ধরন অনুযায়ী, ১৫৬টি জাতীয় মহাসড়কে, ২০৭টি আঞ্চলিক সড়কে, ৮৫টি গ্রামীণ সড়কে, ১০৩টি শহরের সড়কে এবং ৮টি অন্যান্য স্থানে দুর্ঘটনা ঘটেছে।
মোট ৮৮৫টি যানবাহন এসব দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল। এর মধ্যে বাস ১০৮টি, ট্রাক ১৪৪টি, কাভার্ডভ্যান ১৬টি, পিকআপ ৩২টি, ট্রাক্টর ২১টি, মোটরসাইকেল ২১৭টি, থ্রি-হুইলার ১৬৪টি, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৩৫টি, বাইসাইকেল ৮টি, রিকশা ১১টি এবং অজ্ঞাত যানবাহন ৪৮টি।
নিহতদের পেশাগত পরিচয়ের মধ্যে পুলিশ সদস্য, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, ব্যাংক ও বীমা কর্মকর্তা, এনজিও কর্মী, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, বিক্রয় প্রতিনিধি, শ্রমিক ও শিক্ষার্থীরা রয়েছেন।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়কব্যবস্থা, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, নির্ধারিত কর্মঘণ্টা ও বেতন না থাকা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, ট্রাফিক আইন না মানা, দুর্বল ব্যবস্থাপনা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ–এর সক্ষমতার ঘাটতিকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গণপরিবহনে চাঁদাবাজিও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়ানো, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইনের কার্যকর প্রয়োগ, মহাসড়কে সার্ভিস রোড ও ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
Leave a Reply