জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারের ঘটনায় কঠোর সমালোচনা করেছেন সিলেট–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, যিনি ‘চাকসু মামুন’ নামে পরিচিত। তিনি বলেছেন, “বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে খুব স্পষ্টভাবে ধরা পড়ছে।”
রবিবার (১ ফেব্রুয়ারি) একটি টক শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
এর আগে, গত ৩১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুদ আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদসহ কানাইঘাট উপজেলার কয়েকজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এই বহিষ্কার প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, “যাদের বহিষ্কার করা হয়েছে, এই অঞ্চলের রাজনীতিতে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। অথচ একটি ছোট রাজনৈতিক দল জমিয়তের কাছেই বিএনপি যেভাবে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে, তা আমার কাছে হাস্যকর মনে হয়।”
তিনি আরও বলেন, “সিলেট–৬ আসনে জমিয়তের একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। কিন্তু জমিয়ত এখন পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার করেনি, এমনকি শোকজও করেনি। অথচ বিএনপি জোটের অজুহাতে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় ত্যাগী নেতাকর্মীদের বহিষ্কার করছে।”
বিএনপির নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, “দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিতে দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছেন অসংখ্য নেতাকর্মী। এই ত্যাগের কি কোনো মূল্য নেই? এভাবে হুট করে বহিষ্কার করে দল আসলে কী লাভবান হচ্ছে?”
তিনি মনে করেন, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিজস্ব রাজনৈতিক অবস্থান ও স্টান্ড থাকা উচিত।
Leave a Reply