সিলেটে ভোটের দিন অহেতুক জটলা ও চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

সিলেটে ভোটের দিন অহেতুক জটলা ও চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

একুশে সিলেট ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে সামনে রেখে সিলেটে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ৭টি জরুরি নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা কার্যকর থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এসএমপি নির্দেশিত ৭ দফা নির্দেশনা হলো:
নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ: কোনো ভোটার তার নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরের অন্য কোনো কেন্দ্রের আশেপাশে অবস্থান বা ঘোরাফেরা করতে পারবেন না। বহিরাগত কাউকে কোনো কেন্দ্রের আশেপাশে পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।

ভয়ভীতি প্রদর্শনে জিরো টলারেন্স: ভোটারদের ভোটদানে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন বা কোনো ধরনের চাপের সৃষ্টি করা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ: ভোটদান শেষে কোনো ভোটার কেন্দ্রের আশেপাশে অহেতুক জটলা করতে পারবেন না। ভোট দেওয়া শেষ হওয়ামাত্রই তাকে কেন্দ্র ত্যাগ করতে হবে।

যানবাহন চলাচলে বিধি-নিষেধ: নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া এবং অননুমোদিত কোনো যানবাহন নগরীতে চলাচল করতে পারবে না।

শনাক্তকরণে সহযোগিতা: ভোটার শনাক্তকরণের প্রয়োজনে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধে মুখমণ্ডল প্রদর্শন (বোরকা বা মাস্ক সরিয়ে) করতে হবে। একে কেন্দ্র করে কোনো উসকানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

গুজব প্রতিরোধ: সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ভিত্তিহীন তথ্য বা গুজব ছড়ানো যাবে না। কোনো তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।

সন্দেহভাজনদের তথ্য প্রদান: কোথাও কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা দিলে অথবা আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।

জরুরি যোগাযোগ ও সুরক্ষা অ্যাপ:
এসএমপি কমিশনার জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে নাগরিকদের সার্বক্ষণিক সুরক্ষায় পুলিশের জরুরি সেবা অ্যাপ ‘GenieA’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর ০১৩৩৯-৯১১৭৪২ চালু থাকবে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে পুলিশের এই কঠোর অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff