একুশে সিলেট ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগার থেকে ৫ জন দণ্ডপ্রাপ্ত কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। তবে এ তালিকায় সিলেট কারাগারের কোনো কয়েদি নেই।
গত ১৫ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত এবং অর্থদণ্ডের অতিরিক্ত সাজাভোগরত ৫ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।
সিলেটের অতিরিক্ত উপ কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার ঈদে সিলেট কারাগার থেকে বিশেষ বিবেচনায় কোনো কয়েদিকে সাধারণ ক্ষমা দেওয়া হয়নি। ফলে এখান থেকে কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদি মুক্তি পাচ্ছেন না।
যাদের সাজা মওকুফ করা হয়েছে তারা হলেন— চাঁদপুর জেলা কারাগারের আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩), মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. আব্দুল করিম (৫৬)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অন্য কোনো মামলায় তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে এবং জরিমানাসহ প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দ্রুত মুক্তি দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিশেষ ধর্মীয় উৎসব উপলক্ষে মানবিক বিবেচনায় কয়েদিদের সাজা মওকুফ বা সাধারণ ক্ষমা প্রদানের প্রথা রয়েছে। এতে তারা পরিবার ও সমাজে পুনরায় ফিরে যাওয়ার সুযোগ পান এবং সংশোধনের পথ সুগম হয়।
বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির এ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বিশেষ ক্ষেত্রে শর্তসাপেক্ষে সাজা মওকুফ বা স্থগিত করা হয়। সাধারণত কয়েদির আচরণ, সাজার মেয়াদ ভোগের পরিমাণ, অপরাধের ধরন এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।
Leave a Reply