সর্বশেষ :

গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার

গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার

একুশে সিলেট ডেস্ক

সিলেটের গোয়াইনঘাটে মহিষবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক জসিম উদ্দিন (২৫) নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গ্রেফতারকৃত চালকের নাম মুজিবুর রহমান (৩০)। তিনি গোয়াইনঘাটের উপর সাতাইন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পুলিশ তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে বুধবার (১১ মার্চ) রাতে গোয়াইনঘাট থানাধীন আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রাতে গোয়াইনঘাটের ঘোষগ্রামের বাসিন্দা জসিম উদ্দিন তার সঙ্গী গিয়াস উদ্দিন ইয়ামত মিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে হাকুর বাজার থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পুকাশ এলাকার গোয়াইনঘাট-সারীঘাট সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ও বেপরোয়া ভারতীয় মহিষবোঝাই পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জসিম উদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই পিকআপ ফেলে চালক মুজিবুর রহমান পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় জসিমকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff