সর্বশেষ :
সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি, লুটপাট : গ্রেফতার নেই বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও রাতের অভিযানে জকিগঞ্জে ইয়াবার বড় চালান জব্দ, আটক ৩ সিলেটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩ গোয়াইনঘাটে ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে থানায় জিডি “শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব”: বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে ট্রাকচালকের ওপর হামলা ও চাঁদাবাজি, শ্রীঘরে ছাত্রদল নেতা সিএনজিতে প্রেমিকের বন্ধুদের হাতে ধর্ষণের শিকার কিশোরী, অতঃপর…

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

বরযাত্রীদের ক্ষোভে সামনে এলো দুর্ভোগ: বালাগঞ্জে টলাখালি নদীতে নেই সেতু

এসএম হেলাল, বালাগঞ্জ (সিলেট):
সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের টলাখালি নদীর ওপর একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই দীর্ঘদিন ধরে স্থানীয়দের একমাত্র যাতায়াতের ভরসা হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুসহ শত শত মানুষ এ সাঁকো পারাপার করছেন। ফলে দ্রুত এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি করা অস্থায়ী সাঁকো ব্যবহার করে মানুষজন চলাচল করছেন। সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে এ পথ ব্যবহার করছেন। বিশেষ করে শিশু, নারী ও গর্ভবতী নারীদের জন্য এ পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয়দের অভিযোগ, অনেক সময় অসুস্থ বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার আগেই বিপর্যয় ঘটে যায়। শুকনো মৌসুমে মানুষ পায়ে হেঁটে চলাচল করেন, আর বর্ষা মৌসুমে একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা।

শুক্রবার (৬ মার্চ) নতুন বর নিয়ে পারাপারের সময় বরযাত্রীদের মধ্যেও এ সাঁকো নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বরযাত্রী হিসেবে উপস্থিত ইলাশপুর গ্রামের বাসিন্দা সানু মিয়া বলেন, “আমরা আর আশ্বাসবাণী শুনতে চাই না। বছরের পর বছর শুধু প্রতিশ্রুতি শুনে আসছি, কিন্তু বাস্তবে কোনো সেতু নির্মাণ হয়নি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা প্রয়োজন।”

তিনি সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার দাবি জানান।

স্থানীয় শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা দবির হুসাইন বলেন, “আমরা অনেকটা অবহেলিত অবস্থায় আছি। রাস্তাঘাট ও সেতু না থাকায় যানবাহন চলাচল করতে পারে না। অনেক সময় অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার আগেই জীবন সংকট দেখা দেয়।”

স্থানীয় মসজিদের ইমাম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, এলাকায় মসজিদ ও মক্তবের অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। ধর্মীয় শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় উন্নয়ন কাজের দাবি জানান তিনি।

শ্রীনাথপুর গ্রামের প্রবীণ মুরব্বি মো. তফুর আলী বলেন, “রাস্তাঘাটের সমস্যার পাশাপাশি বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। অনেক টিউবওয়েলে এখন আর পানি পাওয়া যায় না, ফলে মানুষকে বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

কাতার প্রবাসী তাজুল ইসলাম বলেন, “পশ্চিম গৌরীপুর ইউনিয়ন অনেকটাই অবহেলিত। এখানে ভালো রাস্তা নেই, ব্রিজ নেই—মানুষকে নানা কষ্টের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে।”

ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামাল আহমদ বলেন, “এলাকার রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি বিশেষ করে টলাখালি নদীর ওপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এটি নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত অনেক সহজ হয়ে যাবে।”

স্থানীয়দের মতে, টলাখালি নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হলে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত টলাখালি নদীর ওপর একটি টেকসই সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff