নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই মো. মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে জকিগঞ্জ থানার ৯নং মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে অবস্থিত ‘রিলাক্স ক্যাফে’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।
এসময় সেখান থেকে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—ছাবির আহমদ (২৪), শাকিল আহমদ (২০) ও রাশেদুল ইসলাম (৩০)। ছাবির ও শাকিল একই পরিবারের দুই ভাই। তাদের পিতা হারুছ মিয়া ও মাতা করিমা বেগম। তাদের বাড়ি জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল এলাকার দিঘালীগ্রামে। অপর আসামি রাশেদুল ইসলামের পিতা মঈন উদ্দিন ও মাতা সুফিয়া বেগম। তার বাড়ি উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামে।
পুলিশ জানায়, আটক তিনজনের হেফাজত থেকে মোট ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা (নং-০৪, তারিখ ৬ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply