জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও

জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলায় একটি সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে রাতের আঁধারে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগ অনুযায়ী, ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কটি পূর্বে হেরিং বন্ড পদ্ধতিতে মেরামত করা হয়েছিল। সম্প্রতি সরকারি উদ্যোগে মাটি কাটার বিষয়টি ছড়িয়ে পড়ার পর থেকেই অজ্ঞাত ব্যক্তিরা সড়কের ইট তুলে নিচ্ছে বলে স্থানীয়রা জানান।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৬নং ওয়ার্ডের সংযোগ সড়কে সরকারি বরাদ্দে ইট সলিংয়ের কাজ চলমান। প্রায় ১৫ লাখ টাকার ইট রাতের বেলায় উধাও হওয়ায় এলাকার মানুষ উদ্বিগ্ন। স্থানীয়রা আশঙ্কা করছেন, পরিকল্পিতভাবে সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা হচ্ছে, যা উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল ইউএনওর কাছে অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, “সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী লোপাট হলে উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হবে। বিষয়টি দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”

স্থানীয়রা জানান, দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক হলেও রাত নামলেই বিভিন্ন অংশ থেকে ইট সরিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।

অভিযোগের কপি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অপরিহার্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff