একুশে সিলেট ডেস্ক
সিলেটের গোয়াইনঘাটে এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য ও রহস্য। ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেলেও মুখ খুলছেন না আহত যুবক। ফলে এলাকায় চলছে নানা কানাঘুষা, বাড়ছে শঙ্কা ও জল্পনা-কল্পনা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জমান। তিনি জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।
আহত যুবক মনজুর আহমদ (২৭)-এর পুরুষাঙ্গ অপারেশনের মাধ্যমে পুনঃসংযোজনের চেষ্টা চলছে। তবে ঘটনার কারণ সম্পর্কে তিনি এখনো কিছু জানাননি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে আহতের বড় ভাই বদরুল ইসলাম, যিনি তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বলেন—“মনজুর এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। তাই কীভাবে বা কেন এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।”
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার (২নং ওয়ার্ড) বাসিন্দা মনির উদ্দিনের ছেলে মনজুর আহমদকে শনিবার ভোরে বাড়ির পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী। পরে তাকে দ্রুত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও পরিবার অপেক্ষায় থাকলেও নীরবতা ঘনীভূত করছে রহস্য।
Leave a Reply