একুশে সিলেট ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও সঠিক পরিকল্পনা ও জবাবদিহিমূলক নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে পরিবর্তনের। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় হলে সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে দেশের ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলা হবে।”
রোববার সদর উপজেলার শিবেরবাজার ও টুকেরবাজারসহ বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর বক্তব্যে এক আধুনিক সিলেটের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “সিলেটকে রোল মডেল করতে হলে আগে নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, যানজটমুক্ত সড়ক ও উন্নত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে। শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনমান উন্নয়নই হবে আমাদের অগ্রাধিকার। তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যাতে তারা নিজ শহরেই ভবিষ্যৎ গড়তে পারে।” তিনি আরও যোগ করেন, পাহাড়, নদী ও প্রকৃতি সংরক্ষণ করে সিলেটকে একটি ‘সবুজ ও মানবিক নগরী’ হিসেবে গড়ে তোলা হবে।
রোববার বিকেলে হাটখোলা ইউনিয়ন বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা মুকুট, মাজহারুল ইসলাম ডালিম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং সাবেক ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।
এর আগে শনিবার রাতে নগরীর তেররতন পয়েন্টে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম মল্লিকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় সভাপতি চিত্রনায়ক হেলাল খান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন।
নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে। এই মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply